...|...|...

খেলা

২০ বছর পর সেই ইতালি, এবার কোচ জিদানের সামনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৬
Shares
২০ বছর পর সেই ইতালি, এবার কোচ জিদানের সামনে

ছবি: সংগৃহীত

একই প্রতিপক্ষ, কেটে গেছে প্রায় দুই দশক। কিন্তু ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনা এখনো জিনেদিন জিদানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। এবার সেই ইতালির বিপক্ষেই নতুন ভূমিকায় ফিরছেন ফরাসি কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে নয়, ফ্রান্সের কোচ হিসেবে নিজের দেশের মাঠে আজ রাতের  ম্যাচে ইতালিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তিনি। ফলে দুই দশক আগের সেই স্মৃতিও আবার সামনে এসেছে।

ইতালির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ২০০৬ সালের ফাইনালের ঘটনা নিয়ে কথা বলেন জিদান। সেই সময়ের ছবি দেখলে ঘটনাটি তার মনে পড়ে যায় বলে জানান তিনি। তবে নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারকে একটি ঘটনাতেই সীমাবদ্ধ রাখতে চান না এই ফরাসি কিংবদন্তি। একই সাথে ওই ঘটনার জন্য অনুতপ্ত নন বলেও জানান তিনি।

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন জিদান। ইতালিয়ান ডিফেন্ডারকে মাথা দিয়ে আঘাত করার পর সরাসরি লাল কার্ড দেখেন তিনি। সেটিই হয়ে যায় খেলোয়াড় হিসেবে জিদানের শেষ ম্যাচ। পরে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ইতালি।

ঘটনাটিকে নিজের ক্যারিয়ারের একটি অংশ হিসেবে দেখলেও সেই আচরণ নিয়ে গর্বিত নন বলে জানিয়েছেন জিদান। ফাইনালের পর মাতেরাজ্জির সাথে আর কোনো কথা হয়নি বলেও জানান তিনি। দুই দশক পর একই দলের বিপক্ষে কোচ হিসেবে মাঠে নামার আগে সেই পুরোনো অধ্যায় তাই স্বাভাবিকভাবেই ফিরে এসেছে আলোচনায়।

২০০৬ সালে খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলেছিলেন জিদান। তখন অবশ্য জানতেন না, একদিন সেই ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বই তার কাঁধে আসবে। দীর্ঘ সময় পর সেই সুযোগ এসেছে। জুলাইয়ের শেষ দিকে দিদিয়ের দেশমের জায়গায় ফ্রান্সের দায়িত্ব নেন জিদান। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর প্রায় ১৪ বছরের দায়িত্ব শেষ করে সরে দাঁড়ান দেশম।

নতুন কোচ হিসেবে জিদানের শুরুটাও হয়েছে জয় দিয়ে। নেশন্স লিগে ফ্রান্সের প্রথম দুই ম্যাচে তুরস্ক ও বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে তার দল। দুটি ম্যাচই ছিল দেশের বাইরে। এবার ইতালির বিপক্ষে ঘরের মাঠে নামছে ফ্রান্স।

ফলে ম্যাচটি জিদানের জন্য আলাদা গুরুত্ব বহন করছে। একদিকে কোচ হিসেবে নিজের দেশের মাঠে প্রথমবার দল পরিচালনা, অন্যদিকে প্রতিপক্ষ সেই ইতালি যাদের বিপক্ষে ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। পুরোনো স্মৃতির সাথে নতুন দায়িত্বের এই যোগসূত্রই ম্যাচটিকে আরও আলোচিত করে তুলেছে।