আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ের সময় যত ঘনিয়ে আসছে, ততই আবেগী হয়ে উঠছেন তার সতীর্থরা। মেসির সাথে দীর্ঘদিনের পথচলার স্মৃতি তুলে ধরে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো জানিয়েছেন, কিংবদন্তি এই ফুটবলারের অনুপস্থিতি ইতোমধ্যেই অনুভব করছেন তারা। মেসিকে সর্বকালের সেরা ফুটবলার এবং অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তার বিদায়ের আগে নিজের ভালোবাসা ও আফসোসের কথাও প্রকাশ করেছেন রোমেরো।
বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটির আগে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে রোমেরো বলেন, 'সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাকে মিস করছি। অবশ্যই এটা কোনো এক সময় হওয়ারই ছিল। কিন্তু তার অনুপস্থিতি এতটা অনুভব করব, কখনো ভাবিনি।'
মেসির নেতৃত্বের ধরন নিয়েও কথা বলেছেন রোমেরো। সতীর্থদের মধ্যে নিজেকে কখনো আলাদা করে দেখতেন না মেসি। এ প্রসঙ্গে রোমেরো বলেন, 'সে সব সময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে। কখনো নিজেকে কারও চেয়ে এগিয়ে রাখেনি।'
ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্যাপনের একটি ভিডিওর কথাও বিশেষভাবে স্মরণ করেছেন রোমেরো। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডকে হারানোর পরের সেই ভিডিওটি দেখলে আমি সব সময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে ঘিরে উদ্যাপন করছিল, তখন সে দলের দিকে ইশারা করছিল।'
মেসির এই আচরণই রোমেরোর কাছে তাকে আরও বিশেষ করে তুলেছে। আর্জেন্টাইন ডিফেন্ডারের ভাষায়, 'আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে একজন অসাধারণ মানুষ।'
মেসির বিদায়ের সময় আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্বও পেয়েছেন রোমেরো। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন তিনি। এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসির সমর্থন ছিল বলেও জানিয়েছেন রোমেরো।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে-ও আমাকে বেছে নিয়েছিল। আমার জন্য এটি বড় দায়িত্ব। সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে এটা অসাধারণ একটি ব্যাপার।'
জাতীয় দলের হয়ে মেসির সাথে ছয়-সাত বছরের পথচলায় অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন রোমেরো। তিনি বলেন, 'গত ছয়-সাত বছর আমরা একসাথে ছিলাম। এই সময়ে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।'
মেসির সাথে তৈরি হওয়া সম্পর্ককে নিজের জন্য বিশেষ সৌভাগ্য হিসেবেও দেখছেন রোমেরো। তিনি বলেন, 'আমি সত্যিই তাকে ভালোবাসি। জাতীয় দলে যোগ দিয়ে তার সাথে অনেক কিছু ভাগ করে নিতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটাই এখন আমার জন্য কঠিন হয়ে উঠছে।'
তবে মেসির প্রতি নিজের ভালোবাসা যথেষ্টভাবে প্রকাশ করতে না পারার আক্ষেপও রয়েছে রোমেরোর। তিনি বলেন, 'আমি তাকে যে ভালোবাসা সব সময় অনুভব করেছি, তা আরও বেশি করে দেখাতে না পারার জন্য সত্যিই আফসোস করি। এটাই আমার সবচেয়ে বড় আফসোস হবে।'
মেসির বিদায়ের পর তাকে কতটা মিস করবেন, সেটিও স্পষ্ট করেছেন রোমেরো। আবেগঘনভাবে সতীর্থ ও অধিনায়ককে বিদায় জানিয়ে তিনি বলেন, 'মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি তাকে মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।'



