...|...|...

খেলা

রিয়াল নয় বার্সাকেই বেছে নিলেন রদ্রি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১০
Shares
রিয়াল নয় বার্সাকেই বেছে নিলেন রদ্রি

রদ্রি। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে বড় অগ্রগতি পেয়েছে বার্সেলোনা। ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিকের সাথে সরাসরি আলোচনার পর কাতালান ক্লাবটিতে যোগ দিতে সম্মতি দিয়েছেন এই ব্যালন ডি'অরজয়ী মিডফিল্ডার। ফলে দীর্ঘদিন ধরে চলা রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার জল্পনাও অনেকটা শেষ হয়ে গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার বার্সেলোনার ক্রীড়া পরিচালকের কাছে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান রদ্রি। এরপরই তাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে বার্সা। এখন ম্যানচেস্টার সিটির সাথে দলবদল নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি।

তবে এই চুক্তি সহজ হবে না। মার্কার তথ্য অনুযায়ী, রদ্রিকে ছাড়তে ৫ কোটি ইউরোর কমে রাজি নয় ম্যানচেস্টার সিটি। বার্সেলোনা সূত্রও অনানুষ্ঠানিকভাবে এমন সম্ভাবনার কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি।

মূলত ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের কারণেই অভিজ্ঞ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা। ডান হাঁটুর মিডিয়াল কোল্যাটেরাল লিগামেন্টে চোট পাওয়ায় কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডাচ এই তারকাকে। অস্ত্রোপচার প্রয়োজন হলে তার পুনর্বাসনের সময় আরও দীর্ঘ হতে পারে।

রদ্রিকে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমনকি দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে খেলোয়াড়ের সাথে সরাসরি যোগাযোগ করে বার্সেলোনা।

মার্কা জানিয়েছে, কয়েক দিন আগেও রদ্রির সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বার্সা কোচ হান্সি ফ্লিকের ব্যক্তিগত উদ্যোগে পুরো পরিস্থিতি বদলে যায়।

স্প্যানিশ সাংবাদিক কার্লোস মনফোর্তের তথ্য অনুযায়ী, ফ্লিক নিজেই রদ্রিকে ফোন করে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জার্মান সংবাদমাধ্যম ওয়ানফুটবলও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ফোনালাপে ফ্লিক জানান, বার্সার মাঝমাঠের মূল ভরসা হিসেবেই রদ্রিকে ভাবা হচ্ছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে তার ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য তৈরি, খেলার গতি নিয়ন্ত্রণ এবং প্রথম একাদশে নিয়মিত সুযোগ দেওয়ার আশ্বাসও দেন ফ্লিক। এসব পরিকল্পনা রদ্রি ও তার ঘনিষ্ঠদের সন্তুষ্ট করেছে বলে জানিয়েছে মার্কা।

এদিকে জিজান্তেস ও ফিচাহেস ডটকম জানিয়েছে, ফ্লিকের সাথে আলোচনার পরই ৩০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন। এখন সবকিছু নির্ভর করছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মধ্যে সম্ভাব্য চুক্তির ওপর।