রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘমেয়াদের নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। নতুন এই চুক্তির ফলে ২৬ বছর বয়সী তারকা ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন।
সাম্প্রতিক সময়ে আর্সেনালের আগ্রহের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রিয়ালেই ভবিষ্যৎ দেখেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় ভিনিসিয়ুসের সাথে ছয় বছরের নতুন চুক্তির হয়েছে । তার আগের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল মাত্র এক বছর। দীর্ঘদিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, ভিনিসিয়ুস জুনিয়র আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ২০২৩ সালে একবার চুক্তি নবায়নের পর গত ১৮ মাস ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে নতুন প্রস্তাবে সম্মতি দিয়ে নিজের ‘স্বপ্নের ক্লাব’-এ থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের হয়ে ৫৪ ম্যাচে করেছেন ১৩ গোল। তার সময়ে রিয়াল জিতেছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা।
এদিকে ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সই করার দিনই আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর ঘোষণাও দেয় রিয়াল। নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে এটি ক্লাবটির গ্রীষ্মকালীন ষষ্ঠ দলবদল। পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে লস ব্লাঙ্কোস।


