দুই গোলের এগিয়ে থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ মুহূর্তে বদলি কার্লোস এসপির গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর দল। এলচের বিপক্ষে ৩-২ গোলের এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধানও ঘুচিয়েছে রিয়াল।
মঙ্গলবার রাতে এলচের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলারের ফ্রি কিক পোস্টে লেগে সরাসরি জালে ঢুকলে এগিয়ে যায় সফরকারীরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। ডান প্রান্ত থেকে ইয়ান দিয়োমান্দের বাড়ানো ক্রস পেয়ে সহজেই গোল করেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৭১তম মিনিটে লুকাস সেপেদার ক্রস থেকে হেডে গোল করে এলচেকে ম্যাচে ফেরান আবিয়েল ওসোরিও। এরপর ৮৩তম মিনিটে রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান ফের নিনো। ফলে ২-২ সমতায় শেষ হওয়ার পথেই এগোচ্ছিল ম্যাচটি।
রিয়াল কোচ মরিনিয়ো ৮৭তম মিনিটে এসপিকে মাঠে নামান। শেষ পর্যন্ত সেই বদলিই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারক। যোগ করা সময়ে এমবাপ্পে এলচের রক্ষণ ভেদ করে গোলমুখে বল বাড়িয়ে দেন এসপির দিকে। ফাঁকা জালে বল পাঠিয়ে ৯০+১ মিনিটে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চলতি লা লিগায় ছয় ম্যাচের মধ্যে দ্বিতীয়বার বদলি হিসেবে নেমে শেষ দিকে জয়সূচক গোল করলেন এসপি। তবে জয় পেলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন মরিনিয়ো।
ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘বিষয়টা গোল নিয়ে নয়, ম্যাচের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নিয়ে। তারা হয়তো ম্যাচের পরিস্থিতির বাইরে থেকেও গোল করতে পারে, কিন্তু যখন তারা গোল করেছে, তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।’
ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে এলচে।
আগামী রবিবার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।


