লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ও বিদায়লগ্নে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার ঐতিহাসিক মুহূর্তটি কখনও ভুলবেন না বলে আবেগঘন মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার ঘরের মাঠে বেনিনেন বিপক্ষে মাঠে নামে স্কালনির দল। মেসির বিদায়ী ম্যাচ উদযাপন উপলক্ষে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া ক্যাম্পাসে বড় পর্দায় ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আর্জেন্টিনার জার্সি গায়ে সেখানে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
ম্যাচ দেখার সময় মেসির ফুটবল ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় ও আর্জেন্টিনার হয়ে তার অর্জনের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ জয় এবং ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তের কথা উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “আর্জেন্টিনার হয়ে মেসির বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরা কখনও ভুলবো না।” মেসির বিদায়ের মুহূর্তেও বিশ্বকাপজয়ী সেই স্মৃতি তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।


