...|...|...

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, বাতিল একাধিক ফ্লাইট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:১৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ১০:০৫
Shares
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, বাতিল একাধিক ফ্লাইট

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবারের (১০ অক্টোবর) এ ঘটনার পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল ও অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাটি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানানো জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ ও সম্ভাব্য হতাহতের বিষয়ে সৌদি সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলোর কয়েকটি অন্য গন্তব্যে পাঠানো হয়েছে, বাকিগুলো বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের আকাশে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ রিয়াদ এবং নিজেদের কেন্দ্রের মধ্যে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করেছে। কোনো কোনো ফ্লাইটের বাতিলের সময়সীমা সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে এর আগেও দুবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় চারজন নিহত, বেশ কয়েকজন আহত এবং একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জ্বালানি ও বিনিয়োগবিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ধারাবাহিক হামলার কারণে কয়েকটি বিমান সংস্থা সৌদি রাজধানীতে তাদের পরিষেবা স্থগিত বা বাতিল করে। তবে শনিবার সম্মেলনগুলোর আয়োজকেরা জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান চলবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তাঁরা।

হুথিরা সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। চলতি মাসের শুরুতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর এ ঘোষণা আসে।