...|...|...

বিশ্ব

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক প্রায় ৬ হাজার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক প্রায় ৬ হাজার

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচির আগে ও চলাকালে রাজনৈতিক নেতা, অধিকারকর্মী, আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখসহ প্রায় ৬ হাজার মানুষকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দলটি। তবে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই অনেককে আটক করা হয়। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, চণ্ডীগড় ও মুম্বাইয়েও আটকের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অধিকারকর্মী যোগেন্দ্র যাদব ও আইনজীবী প্রশান্ত ভূষণ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার রাত পর্যন্ত নয়, বরং দিনের বিভিন্ন সময়ে আটকের সংখ্যা বেড়েছে। গতকাল রাতেই অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটি দুই হাজার ছাড়িয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়। যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলেছে সিজেপি ও বিরোধী পক্ষের একাংশ। তবে নির্বাচন কমিশন তাদের ভোটার যাচাই কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, বিজেপিও নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।