ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে দেশটির তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যত গ্রেফতারই করা হোক, তাঁরা পিছু হটবেন না।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাহুল গান্ধী।
পোস্টে তিনি বলেন, প্রতিপক্ষকে খুব ভালোভাবে চেনেন তিনি। তাঁর ভাষায়, ‘এদের মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।’
নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের নাম উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, এই নেতাদের চারপাশের পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। আর সেই পরিসর তাঁরাই সংকুচিত করছেন বলে দাবি করেন তিনি।
মোদি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাহুল গান্ধী বলেন, যত পুলিশই মোতায়েন করা হোক—১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার—তাতে তাঁদের আন্দোলন থামবে না। সব নেতা, তরুণ কিংবা আন্দোলনকারীদের গ্রেফতার করা হলেও তাঁরা পিছু হটবেন না।
তিনি বলেন, ‘আমরা আপনাদের ঘিরে ফেলছি এবং আমরা পিছু হটব না। আমার কথা লিখে রাখুন: প্রয়োজনীয় সব তথ্য ইতিমধ্যেই আমাদের হাতে আছে।’
ভারতের সংবিধান ও জনগণের কণ্ঠস্বর রক্ষার অঙ্গীকার করে রাহুল গান্ধী বলেন, গত ১০ থেকে ১৫ বছরে ভারতের ওপর যা করা হয়েছে, তা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে, তা নিশ্চিত করবেন তাঁরা।
দেশটির তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের তরুণরা, আমি তোমাদের নিয়ে গর্বিত। প্রতিবাদ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি।’
পোস্টের শেষাংশে রাহুল গান্ধী বলেন, বর্তমান শাসনব্যবস্থা এবং সংবিধানের ওপর আঘাত হেনেছে বলে যাঁদের অভিযুক্ত করা হচ্ছে, তাঁদের পরাজয় নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন।



