ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী ফখরুল হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও মেয়র প্রার্থী মুক্তা মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর গণসংযোগকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল হাসান সমর্থকদের নিয়ে গণসংযোগ করার সময় মুক্তা মিয়ার সাথে তার কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ফখরুল হাসানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ফখরুল হাসান অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম ও রিমান্ডের নির্যাতন সহ্য করেছি। এখন দল ক্ষমতায় আসার পরও যদি দলীয় কর্মীদের হাতে মার খেতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


