গত বছর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় গড়ে প্রতি ৯০ মিনিটে ইসরায়েলি হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত অথবা আহত হয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ইসলামিক রিলিফ’-এর এক প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটি জানায়, গত এক বছরে অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৩২০ জন শিশুও রয়েছে।
এদিকে, যুদ্ধবিরতির পর থেকে মোট প্রাণহানির সংখ্যা সামান্য বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, এই সময়ে ১ হাজার ৪৭১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা অন্তত ৭৪ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।
আল জাজিরার বরাত দিয়ে ইসলামিক রিলিফ জানিয়েছে, ইসরায়েল তথাকথিত ‘ইয়েলো লাইন’ ব্যবহার করে ফিলিস্তিনিদের গাজার ৬৫ শতাংশ এলাকা থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে। এর ফলে প্রায় ২১ লাখ মানুষ অবরুদ্ধ অঞ্চলের মাত্র বাকি ৩৫ শতাংশ এলাকায় চরম গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
সংস্থাটি আরও জানায়, ইসরায়েল এখনও আশ্রয়ের সরঞ্জাম, জ্বালানি এবং চিকিৎসাসামগ্রী প্রবেশে কঠোর বাধা দিয়ে যাচ্ছে। বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ রয়েছে এবং গুরুতর অসুস্থ ২০ হাজারের বেশি রোগী উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না।
গাজায় কর্মরত ইসলামিক রিলিফের এক ত্রাণকর্মী বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাস্তবতা হলো, এখানে কোনো যুদ্ধবিরতি নেই।


