...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন, সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন, সতর্কতা জারি

ছবি: সিএনএন, আলজাজিরা

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। উষ্ণ সমুদ্রের পানির সংস্পর্শে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উচ্চমাত্রার ক্যাটাগরি ২ হারিকেনে পরিণত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে দেশটির উত্তর উপসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে এটি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়ার বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের শুক্রবার রাত ১টা ১২ মিনিটের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ইসাইয়াস আরও শক্তিশালী হয়ে শুক্রবার সকালে সাময়িকভাবে ‘মেজর হারিকেন’ বা ক্যাটাগরি ৩ কিংবা তার বেশি মাত্রায় পৌঁছাতে পারে। পরে কিছুটা দুর্বল হয়ে শুক্রবার গভীর রাতে উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছে।

হারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের কিছু এলাকায় ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। পাশাপাশি ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ঝড়ের সাথে স্বল্পস্থায়ী টর্নেডোও সৃষ্টি হতে পারে, যা অল্প সময়ের নোটিশে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, আগে থেকেই মাটি পানিতে সিক্ত থাকায় ভারী বৃষ্টিপাতের ফলে উপকূলের ভেতরের এলাকাগুলোতেও বিপজ্জনক বন্যা দেখা দিতে পারে। তিনি বাসিন্দাদের ঝুঁকিকে গুরুত্বের সাথে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার আলাবামা ও ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দারা ঘরবাড়ি সুরক্ষিত করা, বালুর বস্তা প্রস্তুত করা এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত করার কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে আলাবামার লিলিয়ান এলাকার বাসিন্দাদের জানালায় কাঠের পাটাতন লাগাতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা রিচার্ড উইকলি বলেন, ‘সবাই জ্বালানি নিচ্ছে। সবাই পানি কিনছে। সবাই পিঁপড়ার মতো ছোটাছুটি করছে।’

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে ফ্লোরিডার গালফ ব্রিজ এলাকার বাসিন্দাদের সম্ভাব্য বন্যা মোকাবিলায় বালুর বস্তা ভরতে ও সেগুলো সরিয়ে নিতে দেখা গেছে।

হারিকেনের প্রভাবে পরিবহনব্যবস্থাতেও বিঘ্ন দেখা দিতে পারে। ঝড়ের আগে ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া লুইজিয়ানা ও আলাবামার কিছু এলাকায় অ্যামট্রাকের রেলসেবাও ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে মেক্সিকো উপসাগরের ওপর হারিকেনটির বজ্রমেঘের মধ্যে ঝড়ের কেন্দ্রীয় ‘চোখ’ স্পষ্ট হতে শুরু করেছে। সাধারণত হারিকেনের চোখ তৈরি হওয়া ঝড়টির আরও সুসংগঠিত হয়ে ওঠার ইঙ্গিত দেয়। একই সঙ্গে কেন্দ্রের কাছাকাছি বজ্রপাত ও শক্তিশালী বজ্রমেঘের উপস্থিতি ঝড়টির সক্রিয়তা বাড়ার লক্ষণ।

ইসাইয়াসের গতিপথ, শক্তি ও উপকূলে আঘাত হানার সময় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদেরা। সম্ভাব্য জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর ঝুঁকি বিবেচনায় উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সিএনএন, এপি ও রয়টার্স।