মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে পুতিন বলেন, চলমান পরিস্থিতির সমাধানে সহায়তা করতে রাশিয়া তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে তেহরান আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
অন্যদিকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার পরও বারবার নতুন করে হামলা চালানো হচ্ছে। তা সত্ত্বেও ইরান আলোচনার পথ থেকে সরে আসবে না।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপে যুক্ত আছি। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার পর তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’
তার এ বক্তব্যে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার প্রক্রিয়া নিয়ে তেহরানের অসন্তোষও উঠে এসেছে।
স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে সম্মেলনটি শুরু হওয়ার কথা।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে রাশিয়া ও ইরানের শীর্ষ নেতাদের এ বৈঠকে যুদ্ধ বন্ধে সহযোগিতা এবং কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সূত্র: তাস ও আল-জাজিরা


