কক্সবাজারের রামুতে প্রায় দুই হাজার আইফোন, শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত অভিযান চালিয়ে রামুর হিমছড়ি এলাকার মেরিনা বিস ভিলা রিসোর্ট থেকে পালানোর সময় তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন-ওয়েই চিং ওয়েন (WEI CHING WEN), শু ইয়াংফান (XU YANGFAN), ইয়ান চ্যাংশেন (YAN CHANGSHENG), শু হাইইয়াং (XU HAIYANG), উ জিয়ানশিওং (WU JIANXIONG) ও ঝাং ঝেমিং (ZHANG ZHEMING)।
তাদের কাছ থেকে প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
কয়েক মাস ধরে শতাধিক চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ৬ চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রামু থানায় সাইবার আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



