রামিসা হত্যা মামলার রায় হওয়াকে জনপ্রত্যাশার প্রতিফলন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৭ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার রায় হওয়ায় জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে। একই সঙ্গে, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পর গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং গোয়ালন্দ ঘাট এলাকায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হবে। ভালো কাজের স্বীকৃতি দেয়া হবে, আবার কোথাও ব্যর্থতা থাকলে সেটি তিরস্কারের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অর্জনসমূহ সামগ্রিকভাবে প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতেও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাবে।
প্রসঙ্গত, রবিবার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


