...|...|...

আইন ও আদালত

ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে সোহেল-স্বপ্নার স্থাবর-অস্থাবর সম্পত্তি পাবে রামিসার পরিবার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ জুন ২০২৬, সকাল ৮:০০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৩৫
Shares
ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে সোহেল-স্বপ্নার স্থাবর-অস্থাবর সম্পত্তি পাবে রামিসার পরিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আদালত আদেশে বলেছেন, অর্থদণ্ড হিসেবে আদায় করা মোট সাত লাখ টাকা নিহত রামিসার আইনগত উত্তরাধিকারীদের তথা পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ওই অর্থ ভুক্তভোগীর উত্তরাধিকারীদের তথা পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দায়ের করা মামলায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সাথে রায়ের পাশাপাশি আসামি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং আসামি স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এদিকে, উচ্চ আদালতে রামিসা হত্যায় ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল থাকার প্রত্যাশা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রামিসা হত্যার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।

মন্ত্রী বলেন,আইনি প্রতিটি ধাপ পার করেই রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। আমরা সবাই এই রায়ে সন্তুষ্ট। আশা করি এই রায়ের বিষয়টি উচ্চ আদালতেও বহাল থাকবে।

রায় কার্যকর নিয়ে আইনমন্ত্রী বলেন, আইনের স্তরগুলো পার না করে রায় কার্যকর করা হলে প্রশ্ন উঠবে। তাই দোষী যদি উচ্চ আদালতে যেতে চায়, সেখানেও সরকার আইনি ধাপ অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে, সব আইনি প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে।