...|...|...

বিশ্ব

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে ভারত ছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪২
Shares
সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে ভারত ছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ছবি: সংগৃহীত

কোনো উপযুক্ত প্রমাণ বা আইনি প্রক্রিয়া ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বা অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারত ছাড়া করা যাবে করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুর্শিদাবাদের এক ব্যক্তির আটকাদেশ ও বহিষ্কারের আদেশের বিরুদ্ধে করা মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন।

আদালত সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে অবৈধ বাংলাদেশি সন্দেহে গত দুই মাস ধরে আটকে রাখা হয়েছিল। এমনকি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRS) থেকে তার বহিষ্কারাদেশও জারি করা হয়। এর বিরুদ্ধে ওই ব্যক্তির স্ত্রী হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিকত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত মানুষকে পর্যাপ্ত সুযোগ দেওয়া। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি এবং কোনো সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য প্রক্রিয়া ছাড়াই ওই ব্যক্তিকে দুই মাস ধরে আটকে রাখা হয়েছে।

বিচারপতি প্রশ্ন তোলেন, শুধুমাত্র প্রতিবেশীদের দাবির ওপর ভিত্তি করে কীভাবে একজন মানুষের নাগরিকত্ব অস্বীকার করা যায়? তিনি আরও বলেন, ‘সত্তরের দশক থেকে কত মানুষ সীমান্ত পার হয়ে এসেছে? তাদের সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব?’

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত ওই ব্যক্তির বহিষ্কারাদেশটি আপাতত স্থগিত রেখেছে এবং মামলাটি প্রধান বিচারপতির কাছে উপযুক্ত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বিচারপতির এই পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী ও সন্দেহভাজন নাগরিকদের আইনি সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় একটি জোরালো বার্তা বহন করে।