রদ্রিগো হার্নান্দেজকে হারানোর শঙ্কায় তার বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। রদ্রির দলবদল এখনো চূড়ান্ত না হলেও, ম্যানচেস্টার সিটি ছাড়ার ইচ্ছা তার রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, সিটির কোচ এনজো মারেসকা আর্জেন্টাইন তারকাকে দলে পেতে আগ্রহী। চেলসিতে একসাথে কাজ করার সময় থেকেই ফার্নান্দেজের সাথে মারেসকার ভালো সম্পর্ক রয়েছে। রদ্রি চলে গেলে মিডফিল্ড শক্তিশালী করতে এনজোকেই নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে দেখছেন সিটি কোচ।
এদিকে রদ্রিকে দলে নিতে বার্সেলোনা আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। কাতালান ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনাও স্প্যানিশ এই মিডফিল্ডারের পছন্দ হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে হারানোর সম্ভাবনা মাথায় রেখে বিকল্প খুঁজছে সিটি।
মারেসকার বিশ্বাস, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ সিটির মাঝমাঠে অভিজ্ঞতা ও মান বাড়াতে পারবেন। মার্কার তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করতে আগ্রহী এনজোও। তবে তাকে ছাড়তে হলে চেলসিকে সন্তোষজনক প্রস্তাব দিতে হবে।
তবে এই দলবদর বেশ কঠিন হতে পারে। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে ১২ কোটি ১০ লাখ ইউরোতে এনজোকে দলে নিয়েছিল চেলসি। বর্তমানে তিনি ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন পর্যন্ত এনজোকে নিয়ে সিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার খবরও পাওয়া যায়নি।
এনজোর পাশাপাশি ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দির দিকেও নজর রয়েছে সিটির। ভবিষ্যতের জন্য তাকে সম্ভাবনাময় মনে করা হলেও প্রিমিয়ার লিগে অভিজ্ঞতার কারণে এনজোই সিটির বিবেচনায় এগিয়ে রয়েছেন।


