চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানিসহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে নতুন করে তৈরি হয়েছে গভীর অর্থনৈতিক অনিশ্চয়তা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংঘাতের ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যেমন শ্লথ হচ্ছে, তেমনি তীব্র হচ্ছে মূল্যস্ফীতি। ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ায় এর ক্ষতিকর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।
আইএমএফ সতর্ক করে জানিয়েছে, মধ্যমেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে এই সংকটের মধ্যেও আশার আলো দেখাচ্ছে প্রযুক্তি খাত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হলে প্রবৃদ্ধির গতি আবার সচল হতে পারে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬ সাল শেষে বিশ্বজুড়ে বেসরকারি খাতে এআই প্রযুক্তিতে মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ কোটি (২ ট্রিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।


