...|...|...

জাতীয়

দেশে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
Shares
দেশে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও প্রযুক্তিগত জটিলতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়া এবং দেশে একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আগুনের ঘটনার কারণে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহে সাময়িক বিলম্ব দেখা দিয়েছিল। তবে বিকল্প উৎস থেকে বেশি দামে গ্যাস আমদানিসহ সরকারের নানা উদ্যোগে এই জটিলতা কাটিয়ে ওঠা গেছে।

মন্ত্রী জানান, সরবরাহের নতুন সময়সূচি প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে তেল-গ্যাসের চালান দেশে পৌঁছানো শুরু করেছে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবার স্বাভাবিক থাকবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, সরকার ইচ্ছে করে কোনো সংকট তৈরি করেনি। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তদারকি করায় এবং বিদ্যুৎ বিভাগ সমন্বিতভাবে কাজ করায় দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়েছে। জনগণের ভোগান্তি লাঘবে সরকার সবসময় সচেষ্ট রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।