...|...|...

সারাদেশ

যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৬
Shares
যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর পারস্পরিক অভিযোগ ও পরকীয়া সন্দেহের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহানারা খাতুন (৩০) নামে এক গৃহবধূ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আতিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাহানারা খাতুন খুলনা নোয়াপাড়া এলাকার জহর আলী সরদারের মেয়ে। প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে আতিয়ার রহমানের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরকে সন্দেহের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছিল।

ছয় মাস পর আতিয়ার রহমান আবারো শাহানারাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসেন। পুনরায় সংসার শুরু করলেও তাদের মধ্যে নতুন করে ফের সন্দেহ তৈরি হয়।

নিহতের ছেলে রায়হান জানায়, এই সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে তার বাবা-মায়ের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে মারপিটের পর গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রাজীব রয় চৌধুরী বলেন, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এএসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আতিয়ার রহমানকে ইতিমধ্যে আটক করা হয়েছে।