আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে টিকিট নিয়ে চরম অনিয়ম ও চড়া দাম হাঁকানোর অভিযোগ উঠেছে। টিকিট পুনর্বিক্রেতা ও অননুমোদিত এজেন্সিগুলোর কারসাজিতে একেকটি টিকিটের দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত।
আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকালে বুয়েনস আইরেসে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার দেশ বেনিন। এই ঐতিহাসিক ম্যাচটি মাঠে বসে দেখতে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নির্ধারিত মূল্যে বৈধ চ্যানেলে ছাড়া টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
এর পরপরই চড়া দামে টিকিট পুনর্বিক্রি শুরু করে কালোবাজারি ও একাধিক এজেন্সি। এএফএ নির্ধারিত গ্যালারির সবচেয়ে কম দামি টিকিটের মূল দাম ছিল ৯০ হাজার পেসো (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার ৫০০ টাকা)। কিন্তু পুনর্বিক্রয়ের বাজারে একই টিকিট এখন বিক্রি হচ্ছে প্রায় ৬ লাখ পেসোতে (প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা), যা মূল দামের চেয়ে প্রায় সাত গুণ বেশি।
সবচেয়ে চমকপ্রদ দাম হাঁকাচ্ছে ‘মুদো ভুয়েলা’ নামের একটি খেলাধুলাবিষয়ক ট্রাভেল প্রতিষ্ঠান। নিজেদের আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল এজেন্সি দাবি করে তারা এক একটি ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ প্যাকেজের দাম ধরেছে ১৮ লাখ পেসো (প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা)। যদিও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওই প্রতিষ্ঠানটিকে তারা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
মেসির শেষ ম্যাচ ঘিরে সমর্থকদের এই আকাশচুম্বী আবেগ ও টিকিটের বাড়তি চাহিদাকে পুঁজি করেই মূলত কোটি টাকার টিকিট বাণিজ্য চালাচ্ছেন পুনর্বিক্রেতারা।


