আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক ও ‘মহারাজা’খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ আসর সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে টানা দুই মৌসুম দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। এবার তার জায়গাতেই দায়িত্ব নিলেন গাঙ্গুলি।
২০১৯ সাল থেকেই দিল্লি ক্যাপিটালসের সাথে সহকারী স্টাফ ও পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর ভারতীয় পুরুষ ও নারী জাতীয় দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন সাবেক এই তারকা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।
দিল্লির প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় গাঙ্গুলি বলেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের এবং বছরের পর বছর ধরে তাদের সাথে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’
দিল্লির সাথে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে গাঙ্গুলি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সাথে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্বটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এই দলের সাথে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে উন্মুখ হয়ে আছি।’
নতুন দায়িত্বে গাঙ্গুলির সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। আইপিএলের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ও পাঞ্জাব কিংস এখনো শিরোপার স্বাদ পায়নি। ২০২০ সালে ফাইনালে উঠে প্রথমবারের মতো ট্রফির সবচেয়ে কাছে গিয়েছিল দিল্লি।
এর পরের মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি দলটি। ২০২১ সালের পর থেকে আর প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে তারা। এবার সেই ব্যর্থতা কাটিয়ে দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব সৌরভ গাঙ্গুলির কাঁধে।


