...|...|...

খেলা

মেসিকে গোল উপহার দিতে আসিনি: বেনিনের গোলরক্ষক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩০
Shares
মেসিকে গোল উপহার দিতে আসিনি: বেনিনের গোলরক্ষক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বুয়েনস এইরেসে যখন উৎসবের আবহ, তখন নিজেদের দায়িত্বের জায়গায় অটল বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু। মেসির শেষ ম্যাচে তাকে সম্মান জানাতে এলেও কোনোভাবেই গোল উপহার দেওয়ার ইচ্ছা নেই তার। বরং প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমে মেসির শট ঠেকানোই নিজের দায়িত্ব বলে জানিয়েছেন বেনিনের এই গোলরক্ষক।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন দানজিনু। তিনি বলেছেন, ‘আমি গোলরক্ষক এবং গোল আটকানোই আমার কাজ। ম্যাচের শেষ মুহূর্তেও যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় আর মেসি শট নিতে আসেন, আমি সেটা ঠেকানোরই চেষ্টা করবো।’

মেসিকে ঘিরে ম্যাচের আবেগ বুঝলেও মাঠে কোনো ছাড় দিতে রাজি নন দানজিনু। তিনি আরও বলেন, ‘বিষয়টা খুবই সোজা, এটা ফুটবল। আমরা এখানে মেসিকে সম্মান জানাতে এসেছি ঠিকই, কিন্তু তাকে কোনো গোল উপহার দিতে হবে এমন কথা কেউ আমাদের বলেনি। আর মেসিকেও কোনো কিছু উপহার দেওয়ার দরকার পড়ে না। গোল করতে হলে তাকে নিজের সেরাটা দিয়েই গোল করতে হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ সুযোগ হিসেবেও দেখছেন দানজিনু। তিনি বলেন, ‘আমার কাছে এই ম্যাচ অন্য যেকোনো সাধারণ ম্যাচের মতো নয়। যেহেতু এটি মেসির শেষ ম্যাচ, তাই আমার মনে হয়, এটা জীবনে একবারই আসা এক সুযোগ। এটি বিশেষ একটি ম্যাচ। তবে আমরা এখানে আর্জেন্টিনা ও মেসির জন্য এসেছি ঠিকই, কিন্তু আমরা যে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছি  তা ভুলে গেলে চলবে না।’

মেসির বিদায়ী ম্যাচ হলেও বেনিনের লক্ষ্য যে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটিও পরিষ্কার করেছেন দানজিনু। তিনি বলেন, ‘আমরা বেনিনের হয়ে খেলতে এসেছি। এটা তো ফুটবল, ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। আমরা জিততে পারি, ম্যাচ ড্র হতে পারে কিংবা ওরাও জিততে পারে। আমরা কিন্তু আর্জেন্টিনায় পর্যটক হয়ে ঘুরে বেড়াতে আসিনি, এসেছি খেলতে আর প্রতিদ্বন্দ্বিতা করতে। আমাদের জীবনে এটি দারুণ একটি দিন হয়ে থাকবে।’