...|...|...

খেলা

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫১
Shares
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে পড়েছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে জাতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। ছবিগুলোর সাথে দেওয়া বার্তায় মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত যা আমি জানি যে আমি মিস করব।’

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। এর আগে জাতীয় দলের শেষ অনুশীলন সেশনও সম্পন্ন করেছেন তিনি। অনুশীলন শেষে নিজের নামে নামকরণ করা এজাইজা অনুশীলন কমপ্লেক্সে দলের সাথে রাতের খাবার সারেন মেসি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন।

মেসির প্রকাশ করা ছবির বেশির ভাগেই সতীর্থদের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে তাকে। তবে একটি ছবিতে বিশেষভাবে ফুটে উঠেছে বিদায়ের আবেগ। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মাঠের কর্মী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী এবং সভাপতি ক্লাউদিও তাপিয়াকেও দেখা যায়।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটি ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ এক উপলক্ষ হতে যাচ্ছে। ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তাও সেই বিদায়ের আবহকে আরও গভীর করেছে।

এই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, যিনিও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এছাড়া দলে আছেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। মেসির পাশাপাশি তাদেরও মাঠে দেখা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ওতামেন্দি, দে পল ও লো সেলসো শুরুর একাদশে থাকবেন কি না কিংবা কতক্ষণ মাঠে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না ঘটলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থাকার সম্ভাবনাই বেশি মেসির। ফলে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা।