রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টিএসসি এলাকায় আর্জেন্টিনার খেলা দেখতে জড়ো হয়েছিলেন প্রচুর দর্শক ও সমর্থক। উৎসবমুখর পরিবেশের একপর্যায়ে নীল-সাদা রঙের একগুচ্ছ গ্যাস বেলুন উড়ে গিয়ে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার) সাথে আটকে যায়।
বেলুনগুলো তারে আটকে যাওয়ার সাথে সাথেই নিরাপত্তার স্বার্থে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছাকাছি এসে থেমে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড ক্যাটেনারি লাইনে বাইরের কোনো বস্তু আটকে গেলে ট্রেনের প্যান্টোগ্রাফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া স্পার্কিং বা অগ্নিকাণ্ডেরও তীব্র ঝুঁকি থাকে। মূলত এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আটকে থাকা বেলুনগুলো অপসারণ করে পুরো লাইন ঝুঁকিমুক্ত ও নিরাপদ ঘোষণার পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তারা।

