জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের কারণে ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে—ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

