ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনে এই দল গঠন করা হয়েছে।
কনকাশনজনিত নিয়মের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অমিত হাসান। শনিবার (৩১ অক্টোবর) দ্বিতীয় টেস্টের এই দল ঘোষণা করে বিসিবি।
নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বা মাথায় আঘাত পাওয়ার ঘটনা ধরা পড়লে, মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয়। সেই প্রটোকলের কারণেই দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাচ্ছে না দল।
আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের এই দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

