...|...|...

বিশ্ব

মিশর ছেড়ে সুদানের পথে আরও ৮৭০ নাগরিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, দুপুর ২:০৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:১৩
Shares
মিশর ছেড়ে সুদানের পথে আরও ৮৭০ নাগরিক

ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় মিসর ছেড়েছেন ৮৭০ জন সুদানি নাগরিক। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) কায়রো, আলেকজান্দ্রিয়া এবং আসোয়ান থেকে ৩০টি বাসে করে তারা সুদানের উদ্দেশে রওনা হন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা এই তথ্য জানিয়েছে। সুদানের ‘আল-আমাল কমিটি ফর ভলান্টারি রিটার্ন’ এই প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেছে।

আল-আমাল কমিটি মূলত একটি সম্প্রদায়-পরিচালিত মানবিক উদ্যোগ, যা নাগরিকদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সহজ করার লক্ষ্যে সুদানের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে।
কমিটি জানিয়েছে, দেশে ফেরা এসব নাগরিকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সুদানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও রয়েছেন।

কমিটির পরিবহন বিভাগের প্রধান মাহের আল-জেইন আহমেদ জানান, দেশে ফেরা মানুষদের এসব গাড়িবহরকে সহায়তা করতে ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং মানবিক সংগঠনগুলোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রত্যাবাসনের ফলে পরিবারগুলো আবারও একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং যারা ফিরে আসছেন তাদের অর্থনৈতিক বোঝাও লাঘব হচ্ছে।

প্রত্যাবাসন কমিটির মুখপাত্র হাসান খালিদ জানান, তাদের কমিটি এ পর্যন্ত মিসর থেকে প্রায় ৫০ হাজার সুদানি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সহায়তা করেছে।

দেশে ফেরার জন্য নিবন্ধনকারীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
হাসান খালিদ বলেন, গাড়িবহরগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কমিটি নিবিড়ভাবে সমন্বয় করছে।

গত সপ্তাহে কমিটি জানিয়েছিল, মিসর থেকে ১ হাজার ১০০ জন সুদানি নাগরিককে বহনকারী ২২টি বাস দেশের উদ্দেশে ছেড়ে গেছে। চলতি মাসের শুরুতে একই কর্মসূচির আওতায় ৭টি বাসে করে আলেকজান্দ্রিয়া থেকে ৩৫০ জন সুদানি নাগরিক দেশে ফেরেন।