...|...|...

সারাদেশ

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১২
Shares
মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছরের কন্যাশিশু অ্যালিজা। তারা উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক ধারণা, একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে দেড় বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পরিবারের সদস্যদের সাথে তার কোনো বিরোধ কিংবা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশগুলো ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।