...|...|...

সারাদেশ

ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জি এম ছানাউল্লাহ, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২১
Shares
ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেন। ছবি: টাইমস টুডে

ভোলার বোরহানউদ্দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল, ভোলা ক্যাম্পের একটি অভিযানিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৫৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার পদ্ম মনসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লোকমান হোসেন বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকার বাসিন্দা। তিনি মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।

এসআরবি-৮, বরিশাল, ভোলা ক্যাম্পের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাগুরা থানার মামলা নম্বর-১৩(৭)১২, জিআর-১৩/১২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)৩(খ)/১৯(৪) ধারার মামলায় লোকমান হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই আসামিকে গ্রেফতারের জন্য বোরহানউদ্দিন থানা থেকে এসআরবি-৮, ভোলা ক্যাম্পের অধিনায়কের কাছে অভিযানপত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্প কমান্ডারের নির্দেশে গোয়েন্দা নজরদারি চালিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়ি থেকে লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে হত্যা, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।