বান্দরবানের লামা উপজেলায় এস্কেভেটর (ভেকু) বহনকারী একটি ভারী ট্রাকের চাপে গজালিয়া-আজিজনগর সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে গজালিয়া-আজিজনগর সড়কের ওই বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গজালিয়া থেকে আজিজনগরগামী একটি ভারী ট্রাক এস্কেভেটর নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে মুহূর্তের মধ্যে লোহার পাটাতন ও অবকাঠামো ভেঙে পড়ে। এতে ট্রাকটিও ব্রিজের সাথে নিচে ধসে যায়।
ব্রিজটি ভেঙে পড়ায় সড়কের উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে দুই ইউনিয়নের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, আজিজনগর-গজালিয়া সড়কের বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে এ সড়কের একাধিক ব্রিজ ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। ব্রিজে ওজনসীমা ও ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ে সতর্কতামূলক নির্দেশনা থাকলেও কার্যকর নজরদারির অভাবে নিয়মিত ভারী যানবাহন চলাচল করছে বলে দাবি তাদের।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেন। দ্রুত ব্রিজটি মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে সড়কটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।


