ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণে যুক্তরাষ্ট্র জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এখন ওয়াশিংটনেরই।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার পার্লামেন্টের এক অধিবেশনে গালিবাফ বলেন, “আমেরিকানরা নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই এক জটিল গোলকধাঁধায় আটকা পড়েছে। এখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তাদেরই।”
যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশলের সমালোচনা করে তিনি বলেন, “আমেরিকানরা মনে করে, গণমাধ্যমের চাপ বা সামরিক হুমকির মতো কিছু কৌশল ব্যবহার করে তারা এই মহান জাতিকে নতি স্বীকার করাতে পারবে। অথচ তারা জানে না যে, আজকের ইরান আর পাহলভি আমলের সেই অপমানিত ইরান নয়।”
গালিবাফ আরও বলেন, “আজকের ইরান এমন এক জাতি, যারা এই ভূখণ্ডের সম্মানের বিষয়ে কোনো বিদেশি শক্তিকে কোনো শর্ত চাপিয়ে দিতে দেবে না।”


