...|...|...

বিশ্ব

ইরানের সাথে যুদ্ধ করে তেহরানকেই শক্তিশালী করেছেন ট্রাম্প: ওবামা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১২
Shares
ইরানের সাথে যুদ্ধ করে তেহরানকেই শক্তিশালী করেছেন ট্রাম্প: ওবামা

ছবি: সংগৃহীত

ইরানের সাথে ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর দাবি, এই যুদ্ধের ফলে কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে তেহরান। একই সাথে প্রাণহানি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে যুক্তরাষ্ট্রে।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, শনিবার (২৫ অক্টোবর) মিশিগানে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধজয়ের দাবি নিয়ে প্রশ্ন তোলেন ওবামা। তিনি বলেন, এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ও সামরিক ঘাঁটিগুলো হামলার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা বেড়েছে ইরানের।

ওবামা বলেন, “বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুল হলো, তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন—যেটি কেউ চায়নি এবং যার জন্য কেউ ভোটও দেয়নি।”

ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে নিজের প্রশাসনের কূটনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন ওবামা। তিনি বলেন, তাঁর শাসনামলে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা সম্ভব হয়েছিল।

ওবামার ভাষায়, “আমাকে একটি ক্ষেপণাস্ত্রও ছুড়তে হয়নি; আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।”

যুদ্ধের অর্জন নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, সংঘাত শুরুর সাত মাস পরও প্রশাসনের বিজয়ের দাবি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তাঁর প্রশ্ন, “সাত মাস পর, সেই যুদ্ধের কী অবস্থা?”

ওবামার দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা অর্জনের মাধ্যমে ইরান একধরনের ‘ভেটো ক্ষমতা’ প্রতিষ্ঠা করেছে। ফলে যুদ্ধ শুরুর আগের তুলনায় দেশটি এখন আরও শক্তিশালী কৌশলগত অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে তেল ও ডিজেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।