ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা বন্ধু মাহমুদ হাসান অনিক (২০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ আলম সিদ্দিকী নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আহত মাহমুদ হাসান অনিক একই উপজেলার করফা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন কাজী আশরাফ আলম সিদ্দিকী ও তার বন্ধু মাহমুদ হাসান অনিক। তারা মুনসুরাবাদ এলাকায় কুমার নদী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত কাজী আশরাফ আলম সিদ্দিকীকে পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল ছিল। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে সংঘর্ষে জড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের বাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


