...|...|...

খেলা

ব্যালন ডি’অরে নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে চাপ প্রয়োগের অভিযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১১:২০
Shares
ব্যালন ডি’অরে নির্দিষ্ট ফুটবলারকে ভোট দিতে চাপ প্রয়োগের অভিযোগ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটে আশরাফ হাকিমিকে সবার ওপরে রেখেছিলেন মরক্কোর সাংবাদিক মুস্তাফা বাদরি। তবে ভোট দেওয়ার আগে হাকিমির বিপক্ষে অবস্থান নিতে তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অন্য এক ফুটবলারের পক্ষে ভোট দিতেও তাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন এই সাংবাদিক।

আন্তর্জাতিক ভোটার প্যানেলের সদস্য বাদরি সম্প্রতি ‘আফ্রিকফুট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তার দাবি, ভোটের শেষ মুহূর্তে কয়েকজন ব্যক্তি তার সাথে যোগাযোগ করে হাকিমিকে প্রথম স্থানে না রাখার অনুরোধ জানান। তবে তাদের কথায় রাজি হননি তিনি।

তবে কারা তার ওপর চাপ দিয়েছিলেন কিংবা কোন ফুটবলারের পক্ষে ভোট দিতে বলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বাদরি।

নিজের ভোটের পক্ষে যুক্তি তুলে ধরে বাদরি বলেন, মরক্কোর প্রতি ভালোবাসা তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে হাকিমিকে সবার ওপরে রাখার পেছনে কেবল আবেগ নয়, যথেষ্ট ক্রীড়াগত যুক্তিও ছিল। তার মতে, হাকিমি শুধু রক্ষণভাগেই দক্ষ নন, আক্রমণেও সমান কার্যকর একজন ফুটবলার।

বাদরির ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপে এবং তৃতীয় স্থানে লামিন ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় হাকিমির অবস্থান ছিল ১৩তম। পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।