...|...|...

খেলা

এল ক্লাসিকো চলাকালীন ব্রাজিল তারকার বাসায় কোটি টাকার সম্পদ চুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
এল ক্লাসিকো চলাকালীন ব্রাজিল তারকার বাসায় কোটি টাকার সম্পদ চুরি

রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও।ছবি; সংগৃহীত

লা লিগার হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। রোমাঞ্চকর এই ম্যাচ চলাকালীন ডাগআউটে সময় কাটানো রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের বাসায় ঘটে গেছে বড়সড় চুরির ঘটনা। ওই সময়ে তার বাসা থেকে প্রায় পাঁচ কোটি টাকা (সাড়ে ৩ লাখ ইউরো) সমপরিমাণ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিয়াল-বার্সা ম্যাচ চলার সুযোগে চোরচক্র মিলিতাওয়ের বাসার তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তার শোবার ঘর তছনছ করে বহুমূল্য ব্যাগ, ঘড়ি ও গয়না লুট করে নিয়ে যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ শেষে বাড়িতে ফিরে মিলিতাও দেখতে পান যে তার ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি উধাও। এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, প্রায় ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ার আংটি ও ব্রেসলেটসহ বিভিন্ন গয়না ও মূল্যবান স্যুটকেস চুরি হয়েছে। সবমিলিয়ে খোয়া যাওয়া সম্পত্তির মোট মূল্য সাড়ে ৩ লাখ ইউরো ছাড়িয়ে যাবে।

জানা গেছে, ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাসার নিচতলায় বসে এল ক্লাসিকো ম্যাচ উপভোগ করছিলেন। যে কারণে বাসায় চোর ঢোকার বিষয়টি তারা ঘুণাক্ষরেও টের পাননি।