লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়কে ময়লা ছিটিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় রাস্তার পাশে থাকা ময়লার স্তূপ থেকে সড়কে ময়লা ছিটাতে দেখা যায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে।
পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা কাজ করলেও মাসে ছয় হাজার টাকার বেশি বেতন দেওয়া হচ্ছে না। অন্যদিকে, নতুন লোক নিয়োগ দিয়ে তাদের তুলনামূলক বেশি বেতন-ভাতা দেওয়া হচ্ছে। এ বৈষম্যের কারণে তারা ক্ষুব্ধ। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের সাথে তারা বৈঠক করেছেন এবং তাদের দাবিদাওয়া শুনেছেন। দাবিগুলো পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


