...|...|...

সারাদেশ

শিক্ষকের নারিকেল-সুপারি লুট করলেন যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৮
Shares
শিক্ষকের নারিকেল-সুপারি লুট করলেন যুবদল নেতা

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খায়েরের বাগান থেকে নারিকেল-সুপারি লুট করার অভিযোগে কামাল হোসেন নামে এক যুবদলে নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিক্ষক খায়ের সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এর আগে তিনি বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী আবুল খায়ের রায়পুরের সোনাপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলমদর পাটওয়ারী বাড়ির বাসিন্দা। 

অভিযুক্ত কামাল দালাল বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর (পশ্চিম) উপজেলা যুবদলের সাবেক সদস্য। তিনি একই এলাকার বাসিন্দা। 

আবুল খায়ের অভিযোগ করে জানান, কলমদর পাটওয়ারী বাড়িতে তাদের ক্রয়কৃত ও ওয়ারিশি সম্পত্তি রয়েছে। জমি তাদের দখলেই রয়েছে। তাদের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে স্থানীয় মিষ্টার হাওলাদার জমিটি দখলের পাঁয়তারা করে আসছে। ওই জমি দখলে নিতে মিষ্টার স্থানীয় যুবদল নেতা কামাল হোসেনের নেতৃত্বে বহিরাগত লোকজনকে দিয়ে বাগানে জোরপূর্বক খুঁটি স্থাপন করে। একপর্যায়ে বাগান থেকে প্রায় ৫০ হাজার টাকার মূল্যের পাঁচ বস্তা নারিকেল ও সুপারি লুট করা হয়। 

খায়েরের ছেলে শামীম হোসেন বলেন, ‘মিস্টার হাওলাদার যদি জমিরা মালিকানা পেয়ে থাকেন, তাহলে আইনগতভাবে আসবেন। অন্য ওয়ারিশদেরকেও বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আদালতের মাধ্যমে আসুন। আদালত তার পক্ষে রায় দিলে আমরা জমি ছেড়ে দিতে রাজি আছি। বরং তারা আমাদের উপস্থিতি না নিশ্চিত করে গ্রাম পুলিশ তাজুল হকের সামনে বাগানের সুপারী ও নারিকেল লুটপাট করে।

তবে এ বিষয়ে গ্রাম পুলিশ তাজুল হকের সাথে জানতে চাইলে তিনি বলেন, আমরা দুইজন গ্রাম পুলিশ উপস্থিত ছিলাম, তবে আমাদের চেয়ারম্যান পাঠিয়েছে। বাকিটা জানি না। 

অভিযোগের বিষয়ে জানতে কামাল হোসেন ও মিস্টার  হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। এতে তাদের বক্তব্য জানা যায়নি। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আদালতে মামলা চলমান রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।