...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ৮:২৩
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শক্তিশালী মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ ইল্ডের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। শুক্রবারের লেনদেনে আগের দিনের অর্জিত লাভও হারিয়েছে মূল্যবান এই ধাতু। ফলে পুরো সপ্তাহ মিলিয়ে স্বর্ণের বড় ধরনের দরপতনের দিকেই এগোচ্ছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৪ শতাংশ কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে স্থির হয়।

ডলারের সূচক শুক্রবার সামান্য দুর্বল হলেও পুরো সপ্তাহের হিসাবে তা ঊর্ধ্বমুখী থাকার পথে রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সাধারণত ডলার ও বন্ড ইল্ড বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

দিনের শুরুতে অবশ্য স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কম হওয়ার তথ্য প্রকাশের পর এই উত্থান দেখা যায়। তবে পরবর্তী সময়ে সেই লাভ ধরে রাখতে পারেনি স্বর্ণ।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৩৩ হাজারে নামানো হয়েছে। সেপ্টেম্বরে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র ২৯ হাজার। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদেরা ৯০ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পূর্বাভাস দিয়েছিলেন।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, স্বর্ণের বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। কারণ ফেডারেল রিজার্ভ এখনো সুদের হার নিয়ে কঠোর বা ‘হকিশ’ অবস্থান ধরে রেখেছে। তার মতে, আগামী কয়েক মাসে স্বর্ণের গতিপথ অনেকটাই নির্ভর করবে দুর্বল হতে থাকা শ্রমবাজারের বিপরীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড কতটা কঠোর থাকে তার ওপর।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। সংঘাতের কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে সুদের হারও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কাই স্বর্ণের ওপর চাপ বাড়িয়েছে।

তবে সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম হওয়া এবং অক্টোবরে সুদের হার আরও বাড়ানোর বিষয়ে অন্তত দুই শীর্ষ নীতিনির্ধারকের আপত্তির কারণে বাজারে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের বড় অংশ এখন মনে করছেন, চলতি মাসের শেষের দিকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে, প্ল্যাটিনাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলারে এবং প্যালাডিয়াম ০.৫ শতাংশ কমে ১ হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে নেমেছে। তিনটি ধাতুই সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে।