...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দামে স্বর্ণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫
Shares
বিশ্ববাজারে এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দামে স্বর্ণ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের নজর এবং জ্বালানি তেলের দামে পতনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো মূল্যবান ধাতুটির দর ঊর্ধ্বমুখী ছিল। এদিন স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় বেলা ২টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তও স্বর্ণের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। সুদের হার বাড়ানোর প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হবে না—এমন প্রত্যাশা এবং তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের বাজারে স্বস্তি এসেছে বলে মনে করছেন তিনি।

সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, যা স্বর্ণের চাহিদায় চাপ তৈরি করতে পারে। গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। আগামী মাসগুলোতেও সুদের হার বাড়তে পারে বলে বাজারে প্রত্যাশা রয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও শুক্রবার বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে বাংলাদেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।