মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভ সুদের হার চড়া রাখবে—এমন ক্রমবর্ধমান প্রত্যাশার চাপে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এর ফলে চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুর বড় ধরনের সাপ্তাহিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের তথ্যমতে, বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৭০.৮৩ ডলারে নেমে আসে। এর ফলে চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণ ২ শতাংশেরও বেশি দর হারিয়েছে। তবে ইউএস গোল্ড ফিউচারসের দাম সামান্য ০.২ শতাংশ বেড়ে ৪,৩০৫.১০ ডলারে দাঁড়িয়েছে।
ওয়ান্ডার এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, বাজারের মূল মনোযোগ নিবদ্ধ থাকবে সুদের হারের পরিস্থিতির ওপর। যখন আমরা দেখি বাজারগুলোতে আরও কঠোর বা হকিশ ফেড নীতি হিসাব করা হচ্ছে, তখন তা ডলারকে শক্তিশালী করে এবং স্বর্ণের জন্য তা নেতিবাচক প্রভাব ফেলে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও পতন লক্ষ্য করা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩৫৯ ডলারে নেমেছে, প্ল্যাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১,৭৪৬.৩৬ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ কমে ১,২৪৯.৭১ ডলারে নেমেছে। এই তিনটি মূল্যবান ধাতুই সাপ্তাহিক পতনের মুখে রয়েছে।


