মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের নতুন বেস ক্যাম্পে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করেছে ইরান ফুটবল দল। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে ক্যাম্প পরিবর্তন করতে বাধ্য হয় ‘টিম মেলি’রা, যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত এই প্রথম অনুশীলনে দলের ২৬ জন সদস্যের মধ্যে মাত্র ১২ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তারকা স্ট্রাইকার মেহেদি তারেমিসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই সেশনে অংশ নেননি। এদিন মেক্সিকোর স্থানীয় ক্লাব ‘জলোস’-এর ট্রেনিং পিচে সবুজ জার্সি গায়ে জড়িয়ে খেলোয়াড়রা মূলত হালকা জগিং ও স্ট্রেচিং সম্পন্ন করেন।
আগামী সোমবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। ম্যাচ এবং অফিশিয়াল ফিফা সংবাদ সম্মেলনে অংশ নিতে দলটি আগামীকাল রোববার (১৪ জুন) লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবে এবং সেখানে এক রাত অবস্থান করবে।

