...|...|...

খেলা

ইনফান্তিনোকে চ্যালেঞ্জ, ফিফা সভাপতি পদে লড়বেন সাবেক সুইজারল্যান্ড তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৫
Shares
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ, ফিফা সভাপতি পদে লড়বেন সাবেক সুইজারল্যান্ড তারকা

ছবি: সংগৃহীত

জিয়ান্নি ইনফান্তিনোর বিপরীতে ফিফা সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রামো ভেগা। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি সংস্থাটির হারানো আস্থা পুনরুদ্ধার, আধুনিকায়ন এবং বিশ্ব ফুটবল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজের নির্বাচনী ইশতেহারে ‘ফুটবল আমলাদের নয়, সবার’ স্লোগান সামনে এনেছেন ৫৫ বছর বয়সী ভেগা। বর্তমান ফিফা প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘ফুটবল শুধু গুটিকয়েক প্রশাসকের সম্পদ নয়। ফুটবলের প্রকৃত মালিক খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক, ক্লাব এবং অ্যাসোসিয়েশনগুলো।’ বর্তমান পরিচালনব্যবস্থার কারণে ফিফার ওপর সামগ্রিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও ২০১৫, ২০১৯ ও ২০২২ সালের ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করেছিলেন ভেগা। এবার আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছেন তিনি। ইনফান্তিনোর মতো ভেগাও সুইজারল্যান্ডের নাগরিক।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন ভেগা। ক্লাব ক্যারিয়ারে ক্যালিয়ারি, টটেনহ্যাম হটস্পার, সেল্টিক ও ওয়াটফোর্ডের মতো দলে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে টটেনহ্যামের হয়ে লিগ কাপ জয়ের পাশাপাশি ২০০০-০১ মৌসুমে সেল্টিকের ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাবেক এই ডিফেন্ডার।

এদিকে আগামী মার্চে ফিফা সভাপতি পদে আবারও নির্বাচনের জন্য লড়বেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে চাপের মুখে পড়েছেন তিনি। গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার প্রস্তাব নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর ইউরোপের কয়েকটি শীর্ষ ফুটবল সংস্থার মধ্যে ইনফান্তিনোর প্রতি আস্থার সংকট তৈরি হয়। গত মাসে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়াসহ ইউরোপের একাধিক দেশের ফুটবল সংস্থা তার বিরোধিতা করে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও জানিয়েছে, আগামী নভেম্বরের সময়সীমার আগেই তারা ইনফান্তিনোর বিপরীতে নিজেদের প্রার্থী দাঁড় করাবে। এমন পরিস্থিতিতে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে নীতি-নির্ধারণী প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।

স্বদেশী ইনফান্তিনোর ওপর সমর্থন কমে আসার এই পরিস্থিতিকেই নিজের সুযোগ হিসেবে দেখছেন ভেগা। তার নির্বাচনী প্রচারণার অন্যতম লক্ষ্য হবে ফিফার নেতৃত্ব ও পরিচালনব্যবস্থার ওপর হারানো বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা।