...|...|...

লাইফস্টাইল

বিশ্ব সুনামি সচেতনতা দিবস

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৬
Shares
বিশ্ব সুনামি সচেতনতা দিবস

ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব সুনামি সচেতনতা দিবস’। সুনামি শব্দটির উৎপত্তি জাপানি শব্দ 'সু' (বন্দর) এবং 'নামি' (ঢেউ) থেকে।

সাগরের তলদেশে প্রচণ্ড ভূমিকম্পের ফলে সৃষ্ট এই প্রলয়ঙ্করি ঢেউ উপকূলবর্তী জনপদের জন্য কতটা মারাত্মক হতে পারে, তা স্মরণ করিয়ে দিতেই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৫ সালের ডিসেম্বরে ৫ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। ১৮৫৪ সালের ৫ নভেম্বর জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় এক দূরদর্শী কৃষক সাগরের পানি সরে যেতে দেখে সুনামির আভাস পান এবং নিজের ধানখেতে আগুন লাগিয়ে গ্রামবাসীকে পাহাড়ে আশ্রয় নেওয়ার সংকেত দেন। তার এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছিল শত শত প্রাণ। সেই ঘটনাকে স্মরণ করেই ৫ নভেম্বরকে এই দিবসের জন্য বেছে নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, সুনামি যদিও সচরাচর ঘটে না, তবে এর ধ্বংসক্ষমতা ও প্রাণহানির হার অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি। এবারের দিবসের মূল প্রতিপাদ্য হলো দুর্যোগের আগাম সতর্কবার্তা সবার কাছে পৌঁছে দেওয়া এবং উপকূলীয় জনগোষ্ঠীকে যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। বাংলাদেশও বঙ্গোপসাগর উপকূলবর্তী হওয়ায় সুনামির ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত নয়। তাই দিবসটি উপলক্ষে আজ দেশজুড়ে উপকূলীয় জেলাগুলোতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও মহড়ার আয়োজন করা হয়েছে।