বাবা-ছেলে একসাথে খেলেছেন বিপিএলে। এবার আইপিএল ২০২৭-এর মিনি নিলামে একই মঞ্চে ওঠার অপেক্ষায় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। চূড়ান্ত তালিকায় দুজনের নাম থাকলে আইপিএলের ইতিহাসে প্রথমবার একই নিলামে দেখা যাবে বাবা-ছেলেকে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। আগামী ৪ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোর বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিসিআই।
৪১ বছর বয়সী নবীর ভিত্তিমূল্য ১ কোটি রুপি। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় তার। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। আইপিএলে ২৪ ম্যাচে ২১৫ রান ও ১৫ উইকেট রয়েছে তার।
অন্যদিকে, ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।
চলতি বছরের জানুয়ারিতে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একসাথে খেলেন বাবা-ছেলে। ১১ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নবীর হাত থেকেই অভিষেক ক্যাপ নেন হাসান। এরপর ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচে চতুর্থ উইকেটে বাবা-ছেলে মিলে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন।
তবে আইপিএলের নিলামে প্রতিযোগিতা বেশ কঠিন। এবার নিবন্ধন করেছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। ১০টি ফ্র্যাঞ্চাইজি ১৮৪ জনকে ধরে রাখায় নতুন করে দল পাওয়ার সুযোগ রয়েছে মাত্র ৬৬ জনের। এর মধ্যে বিদেশিদের জন্য খালি ২৫টি জায়গা।
নবীর অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখলেও হাসানের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া থেকে দল পাওয়া সবই হবে বড় চ্যালেঞ্জ।


