...|...|...

খেলা

মোস্তাফিজের আইপিএলে নাম না দেওয়ার সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
মোস্তাফিজের আইপিএলে নাম না দেওয়ার সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

গত আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ঘটনার পর এবার আইপিএলের মিনি নিলামেই নাম নিবন্ধন করেননি বাংলাদেশের এই পেসার। তার এমন সিদ্ধান্তের পেছনে আগের আসরের তিক্ত অভিজ্ঞতা ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। মঙ্গলবার প্রকাশিত নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে নেই মুস্তাফিজের নাম। বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

অথচ কয়েক দিন আগেও আলোচনা ছিল, আসন্ন নিলামে নাম দিতে পারেন মোস্তাফিজ।  শেষ পর্যন্ত কেন নিবন্ধন করেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিসিবির এক কর্মকর্তা বলেন, 'নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।'

তবে মোস্তাফিজের এই সিদ্ধান্তের পেছনে আগের আইপিএলের অভিজ্ঞতা কাজ করে থাকতে পারে বলে জানা গেছে। বিশ্বস্ত একটি সূত্রের দাবি, সর্বশেষ আসরে তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ভালোভাবে নেননি এই বাঁহাতি পেসার। সে কারণেই এবার আইপিএলে খেলার আগ্রহ দেখাননি তিনি।

গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পান মোস্তাফিজ।  তাকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। এবারও পিএসএলে খেলার সম্ভাবনা রয়েছে তার। কারণ, আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে।

এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের যে ১২ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, তারা হলেন—হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

উল্লেখ্য, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি। সব মিলিয়ে আইপিএলের এবারের নিলামে মোস্তাফিজের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।