...|...|...

খেলা

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই বড় সুখবর পেলেন লিটন-হৃদয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২১
Shares
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই বড় সুখবর পেলেন লিটন-হৃদয়

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের লিটন দাস ও তাওহীদ হৃদয়। সর্বশেষ প্রকাশিত তালিকায় লিটন এগিয়েছেন ৯ ধাপ, আর হৃদয়ের উন্নতি হয়েছে ২৮ ধাপ। তবে বাংলাদেশের অন্য কয়েকজন ব্যাটারের অবস্থানের অবনতি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিং প্রকাশিত হয়। সেখানে লিটন উঠে এসেছেন ২৪ নম্বরে, আর হৃদয়ের অবস্থান এখন ৩৩তম। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুবাদেই এই অগ্রগতি তাদের। হৃদয় ২২৭ বলে ১৩৭ এবং লিটন ১৭৯ বলে ১২০ রান করেন।

অন্যদিকে, র‍্যাংকিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। চার ধাপ পিছিয়ে মুশফিক এখন ২৮ নম্বরে। তিন ধাপ অবনতি হয়েছে শান্তর, তার অবস্থান ৩৫তম। সবচেয়ে বেশি ১৮ ধাপ পিছিয়ে মুমিনুল নেমে গেছেন ৫৬ নম্বরে।

টেস্ট ব্যাটারদের তালিকার প্রথম দুটি অবস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত ৬৮ রান করে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো খেলার সুবাদে র‍্যাংকিংয়েউন্নতি হয়েছে ভারতের কয়েকজন ব্যাটারের। এক ধাপ এগিয়ে ছয়ে ঋষভ পন্ত, তিন ধাপ উন্নতিতে সাতে শুভমান গিল এবং পাঁচ ধাপ এগিয়ে নয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল।

এ ছাড়া ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। ১৩ ধাপ উন্নতিতে ১৭ নম্বরে গ্লেন ফিলিপস এবং চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন সোনাল দিনুশা। এই তিন ক্রিকেটারই টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থান অর্জন করেছেন।

টেস্ট বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে ভারতের জাসপ্রিত বুমরাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে তিন ধাপ এগিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। ইংল্যান্ডের অলি রবিনসনের সাথে একই অবস্থানে রয়েছেন বুমরাহ। তবে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের চেয়ে এখনো ২৫ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতীয় পেসার।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। বোলারদের তালিকায় তার অবস্থান এখন ছয় নম্বরে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো পারফরম্যান্সের কারণে দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও অগ্রগতি হয়েছে রাবাদা ও ফিলিপসের। তিন ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন রাবাদা। চার ধাপ উন্নতিতে ১২ নম্বরে রয়েছেন ফিলিপস। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

সাদা বলের ক্রিকেটেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেন ডাকেট। এর পুরস্কার হিসেবে তিন ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

ওয়ানডে বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন গাস অ্যাটকিনসন। ১৪ ধাপ উন্নতিতে ৩৯ নম্বরে রয়েছেন লিয়াম ডসন। এ ছাড়া ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে জায়গা করে নিয়েছেন উইল জ্যাকস। এই তিন ইংলিশ ক্রিকেটারও র‍্যাংকিংয়েক্যারিয়ারসেরা অবস্থান অর্জন করেছেন।