বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক সোহেল রানা অফিসের কাজে একই সময়ে থাকবেন দেশে ও বিদেশেও। চলতি মাসের জুলাইয়ের শেষ সপ্তাহে তিনি একটি কনফারেন্সের প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে থাকবেন বিদেশে। একই সময়ে তিনি বিটিআরসিতে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবেও উপস্থিত থাকবেন। এজন্য মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) ও কমিশনের পক্ষ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ জুন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিও জারি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যোষ্ঠ সহকারী সচিব সাক্ষরিত জিওতে উল্লেখ করা হয় ওয়ার্ল্ড রেডিওকমিউনিকেশন কনফারেন্স-২০২৭ উপলক্ষে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি এর কনফারেন্স আয়োজনের প্রস্তুতিমূলক গ্রুপের তৃতীয় সভায় যোগদান করতে যাবেন। এ উপলক্ষ্যে তিনি ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। বিদেশ ভ্রমণের সময় যাত্রা কাল কতদিন হবে তা অবশ্য জিওতে উল্লেখ করা হয়নি।
বিটিআরসির উপপরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) সেলিনা পারভীন সাক্ষরিত অফিস আদেশ থেকে দেখা যায়, একই সময়ে বিটিআরসিতে সোহেল রানার একটি প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। ব্রডব্যান্ড রেডিয়েশন মেজারমেন্ট এবং ব্রডব্যান্ড এরিয়া মনিটরিং সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এজন্য তিনি সম্মানীও প্রাপ্য হবে বলে উল্লেখ করা হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, বিটিআরসির ১২ জন কর্মকর্তাকে ২০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে দুটি ধাপে। প্রথম ধাপে ১৯ জুলাই থেকে শুরু হয়েছে যা ২৮ জুলাই পর্যন্ত চলবে প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে ৫টা পর্যন্ত। কোনো বিরতি না দিয়ে ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত মাঠ পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আয়োজক হিসেবে রয়েছে ভারতীয় ফাসটেক টেলিকমিউনিকেশন লিমিটেড। এই প্রশিক্ষণের সার্বিক খরচ বহন করবে প্রতিষ্ঠানটি।


