...|...|...

বিনোদন

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ের ঘোষণা গায়িকা রিমির, জানালেন স্বামী কোটিপতি নন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১০
Shares
বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ের ঘোষণা গায়িকা রিমির, জানালেন স্বামী কোটিপতি নন

রিমি টমি। ছবি: সংগৃহীত

প্রথম সংসার ভাঙার ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। জীবনে নতুন একজন মানুষের আগমনের কথা জানিয়ে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে হবু স্বামীর পরিচয় এখনো প্রকাশ করেননি এই গায়িকা।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয় বিয়ের খবর জানান রিমি। সেখানে নতুন সম্পর্কের অভিজ্ঞতা ও জীবনসাথী বেছে নেওয়ার কারণও তুলে ধরেন তিনি।

ভিডিওতে রিমি বলেন, ‘আজ এমন একটি খবর জানাতে যাচ্ছি, যা আপনাদের অনেককেই আনন্দ দেবে। আমি ঘুরে বেড়াতে এবং একা থাকতে ভালোবাসি। পরিবারের সবাই সব সময় আমার পাশে ছিলেন। তারপরও মনে হতো, জীবনে একজন জীবনসাথীর অভাব রয়েছে। অবশেষে ২০২৬ সালে একজন মানুষের আগমন ঘটেছে আমার জীবনে।’

নতুন সাথীর পরিচয় গোপন রাখলেও রিমি জানিয়েছেন, তিনি বিনোদনজগতের কেউ নন। অভিনেতা, গায়ক কিংবা কোটিপতিও নন। অর্থ ও খ্যাতির চেয়ে যত্ন, মানসিক শান্তি এবং পারস্পরিক বোঝাপড়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

রিমির ভাষায়, ‘আমার মনে হচ্ছে, এটি ঈশ্বরের দেওয়া উপহার। জীবনের পথে এগিয়ে গেলেই বাকি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি বুঝেছি, জীবনে অর্থ কিংবা খ্যাতিই সবচেয়ে বড় বিষয় নয়। আমার শুধু এমন একজন মানুষ দরকার ছিল, যিনি শান্ত স্বভাবের, আমার যত্ন নেবেন এবং আমার সব দিক বুঝতে পারবেন।’

অল্প সময়ের পরিচয়েই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে বলে জানান রিমি। ভিডিওর শেষে শিগগিরই হবু স্বামীর নাম ও পরিচয় প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি। একই সাথে ভক্তদের কাছে চেয়েছেন ভালোবাসা ও আশীর্বাদ।

আগের বিয়ে ও সংগীতজীবন

ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সাথে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিয়ে হয়েছিল রিমির। ১১ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন দুজন।

সংগীতের দল অ্যাঞ্জেল ভয়েসের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রিমি। ২০০২ সালে ‘মিসা মাধবন’ সিনেমার ‘চিঙ্গামাসাম’ গানের মধ্য দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে পরিচিতি পান তিনি। পরে গান গাওয়ার পাশাপাশি টেলিভিশন উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন। মালয়ালম চলচ্চিত্রে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।